ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী
যৌথভাবে উদযাপনের অনুষ্ঠানমালা সফলভাবে আয়োজনের বিষয় নিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ সোমবার সফররত ভারতীয় সংস্কৃতি সচিবের সঙ্গে আলোচনা করেছেন।
ভারতীয় সংস্কৃতি সচিব জওহর সরকারের নেতৃত্বে সেদেশের আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তথ্য মন্ত্রীর বৈঠক হয়।
এ সময় তারা কবি রবীন্দ্রনাথের জীবন ও কর্ম বিষয়ক সেমিনার আয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ চেয়ার প্রতিষ্ঠা ও পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণের বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে ভারতের পক্ষে সেদেশের হাইকমিশনার রাজীত মিত্র, উপ-হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, ভারতীয় সংস্কৃতি কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট ভারতী রায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. টুকটুক কুমার এবং বাংলাদেশের পক্ষে সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
এ বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় দুই দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী যৌথভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০১৬ ঘ.
bdnews24