সুনামগঞ্জ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত বোরহান উদ্দিনের (২০) বাড়ি একই গ্রামে।
দোয়ারাবাজার থানার ওসি সাইদুর রহমান জানান, ধর্মপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জলিল ও শাহজাহান চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিলো।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধানক্ষেতে কাজ করাকে কেন্দ্র করে সোমবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শাহজাহান চৌধুরীর সমর্থনকারী বোরহান প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।"
পুলিশ ঘটনাস্থল থেকে আবদুল হান্নান নামে একজনকে আটক করেছে বলে জানান তিনি।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। এরা হলেন-আবদুল আউয়াল (৩৬), আবদুল কদ্দুস (৩২), নুরুল ইসলাম (৩০), হারুন মিয়া (২৬), আলী হোসেন (২৮), মর্তুজ আলী (৬০), আব্বাস উদ্দিন (২০), আবদুস সামাদ (৩০), আবদুর রহমান (৩৫), সোনাপাখি বেগম (২৬) এবং শাহজামান চৌধুরী (১৬)।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৭২৩ ঘ.
bdnews24