বরিশাল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিমানবন্দরের উত্তর পাশে সোমবার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের দুই বৈমানিকের মৃত্যু হয়েছে।
বরিশাল বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "দুপুর আড়াইটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির দুই পাইলটই নিহত হয়েছেন।"
এরা হলেন- স্কোয়াড্রন লিডার মাহমুদ ও স্কোয়াড্রন লিডার আশরাফ।
বরিশাল বিমানবন্দর থানার সিকিউরিটি অপারেটর মো. শফিউল্লাহ জানান, বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে তিনটি বিমান যশোর মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে দুপুর আড়াইটার দিকে বরিশাল আসে। তিনটি বিমানেরই এ বিমানবন্দরে অবতরণের কথা ছিলো।
তিনটি বিমানের মধ্যে পিটি ৬ টাইপ বিমানটি আগে অবতরণ করতে যাচ্ছিলো। অবতরণকালে রানওয়ে স্পর্শ করার আগেই এটি বিকট শব্দে বিধ্বস্ত হয়।
মো. শফিউল্লাহ জানান, বিমানটি বিমানবন্দরের উত্তর-পশ্চিম প্রান্তে পশ্চিম রহমতপুর মানিক কাটি আবাসিক এলাকার কাছে রানওয়ে সংলগ্ন বাগানের রোইনট্রি গাছের ওপর আছড়ে পড়ে এবং চুর্ণ বিচুর্ণ হয়ে যায়।
বিমান বিধ্বস্ত হওয়ার পর পরই বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান এবং বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে ছুটে যান।
পুলিশের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা, জেলা প্রশাসক আরিফ উর রহমান, সিভিল সার্জন ডা. অনিল কুমার চন্দ্র, র্যাব -৮ এর অধিনায়ক কর্নেল মনিরুল হক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
দুই বৈমানিকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
র্যাব ও পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৬২৩ ঘ.
bdnews24