২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, লাশ নিয়ে মিছিল

নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার তার লাশ নিয়ে শহরের দেওভোগ এলাকার শতাধিক নারী-পুরুষ মিছিল করেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় চাচাতো ভাইদের প্রহারে আরমান (৩০) নামের এই কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। নিহতের মা হাফেজা খাতুন বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় চাচাতো তিন ভাইকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ বলেছে, ময়না তদন্তের জন্য রাতেই আরমানের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আরমান শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার আব্দুল হাইয়ের ছেলে। আরমান শহরের নয়ামাটি এলাকায় থান কাপড়ের ব্যবসা করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, রোববার বেলা সাড়ে ১১টা দিকে শহরের মণ্ডলপাড়ায় সদর হাসপাতালের মর্গ থেকে আরমানের লাশ নিয়ে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা আরমানের চাচাতো ভাই তিন সহোদর সুজন, মিঠু ও শিপলুকে গ্রেপ্তার এবং তাদের শাস্তি দাবি করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মামলার বরাত দিয়ে জানান, বিরোধের জের ধরে আরমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তার মা অভিযোগ করেছেন। শনিবার বিকালে শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমানের মামা বদু মিয়ার সঙ্গে চাচাতো ভাই মিঠুর বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। খবর পেয়ে আরমান ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মারধর করে চাচাতো ভাইয়েরা। পরে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আরমানের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.