মাদারীপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের একটি স্থাপনা ভেঙে দেওয়ায় মাদারীপুর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তারা।
রোববার সকালে মাদারীপুর বণিক সমিতি বিক্ষোভ সমাবেশ, মিছিল, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে।
সমিতির নেতারা জানান, শনিবার দুপুরে সরকারি জমিতে তোলা বণিক সমিতির একটি ঘর পুলিশ ও র্যাব ভেঙে দিয়েছে।
ওই ঘটনায় দুপুরেই বণিক সমিতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
রাতে বণিক সমিতি এক জরুরি সভায় রোববারের বিক্ষোভ সমাবেশ, মিছিল, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি দেয়। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কথাও জানানো হয়।
পুলিশ জানায়, সরকারি জমি দখল করে স্থাপনা গড়ে তোলায় শহরের দুই শতাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করেছে সরকার।
শনিবার রাতে সদর থানায় মামলাটি করেন মাদারীপুর পৌর সহকারী ভূমি কর্মকর্তা বিধান চন্দ্র দাস।
এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভুঁইয়া, সহ-সভাপতি সিরাজ বেপারীসহ চারজনের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় সদর থানায় আরেকটি মামলা করেছে পুলিশ।
বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরান বাজার নিউ মার্কেটের পিছনে একটি সরকারি জমিতে সমিতির স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য জেলা প্রশাসকের কাছে চলতি বছরের ১৯ এপ্রিল ব্যবসায়ীরা একটি আবেদন করেন।
এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মৌখিকভাবে অনুমতি দিলে সমিতি একটি অফিস ঘর বাঁধে।
মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ূম আলী সরদার বলেন, বণিক সমিতি সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় স্থাপনাটি ভেঙে দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে সহকারী পৌর ভূমি অফিসার বিধান দাসের দায়ের করা মামলাটি রেকর্ড করা হয়।
সহকারী পৌর ভূমি কর্মকর্তা বিধান চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি সম্পত্তিতে অবৈধভাবে ব্যবসায়ীরা স্থাপনা নির্মাণ করেছিল। পরে তা প্রশাসন উচ্ছেদ করে। এই কাজে সম্পৃক্ত অজ্ঞাতনামা দুই শতাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেলা প্রশাসক শশী কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি সম্পত্তি কোনো অবস্থাতেই মৌখিকভাবে দেওয়া যায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৪ ঘ.
bdnews24