২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুড়াছড়িতে তিন ইউপিডিএফ সমর্থক অপহৃত

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ৩ সমর্থক অপহৃত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

রাঙামাটি, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ৩ সমর্থক অপহৃত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জুড়াছড়ি উপজেলার জুড়াছড়ি পাড়া থেকে এই তিনজন অপহৃত হয়েছে বলে ইউপিডিএফ জানায়। এই অপহরণের জন্য ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতি এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ইউপিডিএফ জেলা ইউনিটের তথ্য শাখা থেকে শনিবার সোনা মনি চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একদল সশস্ত্র সদস্য শুক্রবার রাতে জুড়াছড়ি পাড়ায় ইউপিডিএফের তিন সমর্থককে তাদের নিজ বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন জ্ঞানেন্দু চাকমা (৩৫), পাত্থর মুনি চাকমা (৩৫) ও কিনা চান চাকমা (১৯)। অপরদিকে গত ১৬ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নের মাজলঙের ৮ নম্বর গ্রাম থেকে জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরা চামেনী ছড়া পাড়ার বৈদ্য চাকমা ওরফে সুদোম (২২) ও মুক্তধন চাকমা (২৫) নামের দুজনকে অপহরণ করে। মুক্তধন চাকমাকে পরে ছেড়ে দেওয়া হয়। বিবৃতিতে উক্ত অপহরণ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপহৃতদের ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এদিকে পার্বত্য জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সহ-সম্পাদক সজীব চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সাথে জনসংহতি সমিতির জড়িত থাকার কথা অস্বীকার করেন। জুড়াছড়ি থানার ওসি রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণের ঘটনা তিনি শুনেছেন। তবে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৭ ঘ.