২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দোররা, প্রাণ গেলো গৃহবধূর

রাজশাহীর তানোর উপজেলার কচুয়া গ্রামে সালিশে দোররা মারার ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

রাজশাহী, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর তানোর উপজেলার কচুয়া গ্রামে সালিশে দোররা মারার ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর ভাই তৈমুর রহমান বাদী হয়ে শনিবার বিকেলে স্থানীয় মাতব্বরসহ সাত জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলো নওশের আলী, জহির উদ্দিন, এনামুল হক, আফসার আলী, সাজ্জাদ হোসেন, বাক্কার আলী ও মেহের জান। মামলার অভিযোগে বলা হয়, কচুয়া গ্রামের ভিক্ষুক ওমর আলী প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী সুফিয়া বেগমের (৪৫) সাথে তার সতিনের ছেলে আব্দুল হান্নানের (৩৬) অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় মাতব্বররা গত ১২ নভেম্বর গ্রামের বাক্কার আলীর বাড়ির উঠানে সালিশের আয়োজন করে। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী সুফিয়া ও হান্নানকে ৪০ ঘা করে দোররা মারা হয় এবং কান ধরে তওবা করানো হয়। এদিকে প্রকাশ্যে দোররা মারার পর সুফিয়া মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে উপজেলার মণ্ডুমালা ও কাঁকনহাটে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে সুফিয়ার ভাই তৈমুর ১৯ নভেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে ১৩ দিন চিকিৎসায় সুফিয়ার অবস্থার উন্নতি হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়ে ছাড়পত্র দেন। সুফিয়াকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য টাকা জোগাড় করছিলেন তৈমুর। কিন্তু তাকে আর ঢাকায় নিতে হয়নি। ১৪ ডিসেম্বর কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামে ভাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুফিয়া। তৈমুর সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, "সুফিয়ার স্বামী ওমর আলীকে ছাড়াই গ্রামের মাতব্বররা সালিশে বসে সুফিয়াকে ৪০ ঘা দোররা মারে। মিথ্যা অপবাদ দিয়ে সুফিয়াকে দোররা মারা হয়েছে।" তিনি বলেন, "চিকিৎসকরা জানিয়েছেন, দোররা মারার সময় সুফিয়া কিডনিতে আঘাত পায়।" তৈমুর আরো বলেন, "ওই আঘাতে সুফিয়া অসুস্থ্য হয়ে পড়ে এবং মারা যায়।" সুফিয়ার সতিনের ছেলে হান্নান বলেন, "মাতব্বররা তাকে ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করে যে, সৎ মায়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এই অভিযোগে মাতব্বররা তাকে এবং তার সৎ মাকে মিথ্যা অপবাদ দিয়ে সালিশ ডেকে প্রত্যেককে ৪০টি করে বেত্রাঘাত করেছে।" তিনি এই মাতব্বরদের বিচার দাবি করেন। হান্নানের স্ত্রী চম্পা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার স্বামীর স্বভাব এতোটা খারাপ নয় যে, সৎ মায়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে। মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে দোররা মারা হয়েছে।" ওই সালিশে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম আফসার আলী। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "সালিসের সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লার মাওলানা রুহুল আমিনের সাথে মোবাইল ফোনে পরামর্শ করে সুফিয়া ও তার সতিনের ছেলে হান্নানকে ৪০ ঘা করে দোররা মারা হয়েছে।" মাতব্বর নওশের আলী দোররা মারার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "সমাজ টিকিয়ে রাখতেই গ্রাম্য সালিসে বিচার করা হয়েছে।" তানোর থানার ওসি আজিজুল হক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত সুফিয়ার ভাইয়ের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪৮ ঘ.