নড়াইল, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় শুক্রবার রাতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জবা শিকদার (১৪) পৌরসভার রামপুর গ্রামের অসিত শিকদারের মেয়ে। মেয়েটি গত ১১ নভেম্বর ধর্ষণের শিকার হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
লোহাগড়া থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় জবার লাশ উদ্ধার করে। মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লোহাগড়ায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) হাফিজ ইকবাল বলেন, জবাকে ধর্ষণের অভিযোগে পাশের লক্ষ্মীপাশা গ্রামের লিটন বাউতি (২৯) ও গৌতম বিশ্বাসকে (১৮) আসমি করে তার মা ১২ নভেম্বর লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ওইদিনই লিটনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। গৌতম পলাতক রয়েছে।
জবার লাশ উদ্ধারের সময় তার মা ও বাবা পাশের কামঠানা গ্রামে আরেক মেয়ের বাড়িতে ছিলেন।
জবার মা চারু বালা শিকদার অভিযোগ করেন, "আমার জবা আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৮ ঘ.
bdnews24