ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা নগর, তেজগাঁও ও মোহাম্মদপুর থানা এলাকায় তিন জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনাই তাদের মৃত্যুর কারণ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবনের উত্তর-পূর্ব পাশের রাস্তা থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ব্যক্তি কোনো গাড়ির ধাক্কায় আহত হন।
এছাড়া তেজগাঁওয়ের ফার্মগেট এলাকার পূর্ব পাশের রাস্তা থেকে অজ্ঞাত (৩০) আরো এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাতে ইব্রাহীম(২০)নামে এক যুবককে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহীমের বাহক আজাদ সাংবাদিকদের জানান, তিনি গাড়ির চাপায় আহত হন।
তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮১৪ ঘ.
bdnews24