হবিগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় ১২ জন সেনা আহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বিহারীপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বাহুবল থানার ওসি সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমিল্লা সেনানিবাসের ১২ ইঞ্জিনিয়ারিং কোরের ১০২ জন সেনাসদস্য দুটি পিকআপ ভ্যানে করে বিহারীপুরে শীতকালীন মহড়া দিতে আসে।
তিনি বলেন, "বেলা সাড়ে ১২টার দিকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুটি ভ্যানই রাস্তার পাশে খাদে পড়ে যায়।
আহতদের মধ্যে সৈনিক রুহুল আমিন (২৭), দেবাশিষ (২৮) ও ল্যান্স কর্পোরাল আজিজুল হককে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈনিক রফিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য চারজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৭৪৭ ঘ.
bdnews24