২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির ধাক্কায় অটো রিকশা চুরমার, নিহত ২

চট্টগ্রামের বায়েজীদ থানা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটো রিকশা আরোহী মাসহ এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজীদ থানা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটো রিকশা আরোহী মাসহ এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন নুরজাহান বেগম (৬০) ও বেলাল হোসেন (৪০)। ব্যবসায়ী বেলালের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইনদং গ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৭টায় সংঘটিত এ দুর্ঘটনায় বেলালের ছেলে তানভীর (৬) এবং ভাইঝি ঝর্ণা (৮) আহত হয়েছে। একটি প্রাইভেট কার বেলালদের বহনকারী অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় নিহত বেলালের স্ত্রীর বড় ভাই সরওয়ার বাদি হয়ে বায়েজীদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরশাহ এলাকার বাসা থেকে একটি অটো রিকশা নিয়ে তারা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বায়েজীদ ফায়ার স্টেশনের সামনে একটি দ্রুত গতির প্রাইভেটকার অটো রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। কামরুল জানান, অটো রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা মারাত্মক আহত হন। দমকলকর্মীরা আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক নুরজাহান ও বেলালকে মৃত ঘোষণা করেন। এসআই কামরুল জানান, প্রাইভেটকারটি সনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় পর অটো রিকশাচালকও সটকে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৫১৫ ঘ.