সাভার, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।
খুলনা থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস শনিবার সকালে জয়পুরা বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনায় পড়লে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামরাই থানার উপপরিদর্শক হেলালউদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি কুয়াশার কারণে পথভ্রষ্ট হয়ে সকাল ৬টার দিকে জয়পুরা বাস স্ট্যান্ডের কাছে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অন্য জনের মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা হেলাল জানান।
নিহত তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- জালালউদ্দিন (১৮), মিলন মোল্লা (২৪) এবং মিলন গাজী (২৭)।
আহতদের ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24