নরসিংদী, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে একটি বস্ত্রকলে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছে নিরাপত্তা রক্ষীসহ তিন জন।
শনিবার ভোররাতে ছোট মাধবদী এলাকার জেঅ্যান্ডজে ফেব্রিক্স অ্যান্ড টেক্সটাইল মিলে ওই ডাকাতি হয়। ডাকাত দল ৬০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে মিল মালিক মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ২টার দিকে ৫০/৬০ জন ডাকাত একটি কভার্ড ভ্যান ও একটি ট্রাক নিয়ে মিলে ঢুকে নগদ টাকা, সূতা ও মিলে উৎপাদিত কাপড়সহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুটে নেয়।"
ডাকাতের ছুরিকাঘাতে মিলের নিরাপত্তা রক্ষী মাইন উদ্দিন (৩৮) ও দুই কর্মী আহত হন বলে তিনি জানান। তাদের মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা করেছেন বলেও জানান ইলিয়াস।
ঝিনাইদহে ৩ ডাকাত গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামে শুক্রবার অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। ডাকাতদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশপুরের বড়বাড়ি গ্রামের আমিনুল হক ও ফারুক এবং যশোরের চৌগাছা উপজেলার নওদাপাড়া গ্রামের রাজু সর্দার।
র্যাব-৬ এর ঝিনাইদহ ফাঁড়ির কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হানিফপুর গ্রামে একটি বাড়িতে একদল ডাকাত এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো।
তাদের শনিবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২২০ ঘ
bdnews24