২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী মুক্তিযোদ্ধা খুন: উসমান কারাগারে

সিলেটে নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার ভাড়াটেকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

সিলেট, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার ভাড়াটেকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে উসমান গণি (২০) নামের এই ভাড়াটেকে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। কোতয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ উসমানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত চেয়ে আবেদন করেনি। হাকিম মো. আমির উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড এর ব্যবস্থাপক (ক্রয়) মুক্তিযোদ্ধা আনোয়ারা (৫৭) হত্যা মামলায় উসমানকে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আনোয়ারার ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটার ও মুভি ক্যামেরা উদ্ধার করা হয়। উসমান গত অক্টোবরে আনোয়ারার বাড়ির নিচতলায় বাসা ভাড়া নেন। সোমবার ওই বাসা থেকে রক্তমাখা কাপড় উদ্ধার করে পুলিশ। গত ৯ ডিসেম্বর বিকালে নগরীর লামাবাজার পুলেরপাড়ের নিজ বাসার তালাবদ্ধ কক্ষ থেকে গলিত অবস্থায় নারী মুক্তিযোদ্ধা আনোয়ারার লাশ উদ্ধার করে কোতয়ালি পুলিশ। ১২ ডিসেম্বর তার স্বামী সামসুল আবেদীন চৌধুরী বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। উসমানকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তবে উসমানের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আফতাব উদ্দিন জানান, প্রাথমিকাবে নিশ্চিত হওয়া গেছে, খুনের সঙ্গে উসমান জড়িত। পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করেছেন তিনি। কিন্তু খুনের উদ্দেশ্য কি ছিলো এ ব্যাপারে মামলার তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না বলে জানান পুলিশ কর্মকর্তা। গত ১১ ডিসেম্বর দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি (সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট) খুরশিদ জাহানের নেতৃত্বে ৬ সদস্যের বিশেষজ্ঞ দল আনোয়ারার বাসা থেকে খুনের বিভিন্ন আলামত ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.