২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নাবিকদের উদ্ধারে জলদস্যুদের সঙ্গে আলোচনা চলছে'

ছিনতাই হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নাবিকদের উদ্ধারে সোমালীয় জলদস্যুদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে জাহাজটির মালিক পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নাবিকদের উদ্ধারে সোমালীয় জলদস্যুদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে জাহাজটির মালিক পক্ষ। শুক্রবার বিকালে জাহাজের মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম এ তথ্য জানান। তবে জলদস্যু কর্তৃক মুক্তিপণ দাবি এবং এ নিয়ে আলোচনার বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। মেহেরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিকাল থেকে জলদস্যুদের সঙ্গে টেলিফোনে আমাদের নিয়মিত আলোচনা চলছে। শুক্রবার বিকাল পর্যন্ত কয়েক দফা আলোচনা হয়েছে।" জাহাজে জিম্মি ক্রুদের দ্রুত সময়ে নিরাপদে ফিরিয়ে আনার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে তিনি জানান। মুক্তিপণের দাবি সম্পর্কে জানতে চাইলে ব্রেভ রয়েল শিপিংয়ের মহাব্যবস্থাপক বলেন, "আলোচনা চলছে। ক্রুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মুক্তিপণ ও এর পরিমাণ নিয়ে এ মুহূর্তে কিছু বলা যাবে না।" অথচ মেহেরুল করিম বৃহস্পতিবার রাতেও মুক্তিপণের বিষয়ে জলদস্যুদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যম এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন। ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেড বরাবরই তাদের কাছে মুক্তিপণ চাওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে। গত রোববার জাহাজে সর্বপ্রথম যোগাযোগ করে অবস্থানরত সোমালীয় জলদসু্যুদের সঙ্গে প্রথম যোগাযোগ হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে জানানো হয়। মুক্তিপণ চায়নি বলে বারবার মালিকপক্ষ দাবি করে আসলেও জিম্মি নাবিকদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, জলদস্যুরা ৯ মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মেরিন একাডেমীর সাবেক ক্যাডেটরাও মানববন্ধন করে জাহাজের ক্রুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। জাহাজের মালিকপক্ষের কাছে জলদস্যুরা মুক্তিপণ দাবি করেছে বলে কর্মসূচিতে আসা জিম্মি নাবিকদের পরিবারের সদস্য এবং মেরিন একাডেমীর সাবেক ক্যাডেটরা সাংবাদিকদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯২৬ ঘ.