সাভার, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় হা-মীম গ্র"পের কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে বৃহস্পতিবার স্বজনরা ভিড় করে।
সকাল থেকেই স্বজনরা কারখানায় আসতে থাকে। মুল ফটকের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও প্রিয়জনের খোঁজ না পেয়ে অনেকে চোখের পানি মুছতে মুছতে চলে যায়।
সকাল ১০টার দিকে ভাই শাহীনকে খুঁজতে যান বোন নাজমা বেগম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ভাই ছিল সুইং অপারেটর। বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। ঘটনার দিন সকালে কারখানায় গিয়ে আর বাসায় ফেরেনি।"
ফুপু নাসরিন ও ফুপা মনিরের খোঁজে এসে বিফল হয়ে ফিরে যান লাইজু। তিনি জানান, নাসরিনের বাড়ি বরিশাল ও মনিরের বাড়ি সাতক্ষীরায়।
সুফিয়া বেগম মেয়ে রাজিয়ার খোঁজ না পেয়ে ফিরে গেছেন।
তিনি বলেন, "ঘটনার দিন ভোরে মেয়ের জন্য খাবার সাজিয়ে দিয়েছি টিফিন ক্যারিয়ারে। সন্ধ্যার আগেই ফিরে আসার কথা ছিল তার। কিন্তু আসেনি। তার খোঁজ নিতে এসেছি। কিন্তু গেইট বন্ধ। দারোয়ানরা কোন কথা শুনছে না। মেয়ের কোন খোঁজও তারা দিতে পারছে না। এখন কোথায় গেলে পাব আমার মেয়ের সন্ধান।"
১০ তলা ভবনের সুইং অপারেটর ছিলেন শাহিন ও ওমর ফারুক। বুধবার দিনভর তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খুজেছেন বোন নাজমা বেগম। কোথাও না পেয়ে আসেন কারখানায়। তবে প্রধান ফটক থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
নিখোঁজ শ্রমিক নজরুল ইসলামকে খুঁজতে গিয়েছিলেন তার ভাই জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, "অগ্নিকাণ্ডের খবর পেয়েই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু ওই দিন দুপুর দেড়টার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাই। এরপর আর তার কোন সন্ধান পাইনি।"
তিনি জানান, তাদের বাড়ি বরিশাল জেলার হিজলায়। বাবার নাম করিম তালুকদার।
আরেক সুইং অপারেটর আব্দুল হালিম দেড় বছর ধরে চাকরি করছিলেন ওই কারখানায়। বৃদ্ধ পিতা শামসুল আলম বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও না পেয়ে কারখানায় এসেছেন।
প্রায় অর্ধশত নিখোঁজ শ্রমিকের স্বজনরা কারখানার মূল ফটকে এসে বিকাল ৩টা পর্যন্ত ভিড় করে ছিলেন।
কারখানার মেকানিক আনিসুর রহমান অভিযোগ করে বলেন, "অনেক লাশ গুম করেছে কর্তৃপক্ষ। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে তিনটি লাশ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীদের বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর তারা লাশগুলো গায়েব করে।"
আরেক মেকানিক রাজ্জাক বলেন, "অনেক নারী ও পুরুষ শ্রমিকের লাশ গাড়িতে করে বাইরে নিয়ে যেতে দেখেছি।"
হা-মীম গ্র"পের চেয়ারম্যান একে আজাদ অগ্নিকাণ্ডের দিন রাত ১১টার দিকে বলেছিলেন, যথারীতি কারখানায় কাজ চলবে।
বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে লাশ ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার কারখানা বন্ধ থাকলেও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা মূল ফটকের সামনে ভিড় জমায়।
কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বজনদের খোঁজে অনেক নারী পুরুষ সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় করে ছিলো। তারা কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোন সাড়া না পেয়ে ফিরে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫১ ঘ.
bdnews24