২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে মানুষের ঢল

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়ে চট্টগ্রামে বিজয় দিবস পালন করছে চট্টগ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 10:28 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়ে চট্টগ্রামে বিজয় দিবস পালন করছে চট্টগ্রামবাসী। দিবসের প্রথম প্রহরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে। বৃহস্পতিবার সকালেও শহীদ মিনারে ছিলো মানুষের ঢল। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ছাড়াও সব বয়সের মানুষ শহীদ মিনারে ভিড় করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম। এরপর শ্রদ্ধা জানান চট্টগ্রাম-৮ আসনের সরকারদলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও আওয়ামী লীগে তার অনুসারীরা, চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। মহানগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি, বিএনপি'র কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমানের অনুসারীরা পৃথকভাবে শহীদ মিনারে ফুল দেয়। এরপর একেএকে মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা আইনজীবী সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দেন। বৃহস্পতিবার ভোর থেকেই মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার। সকালে উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, ন্যাপ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা, সমাজ সমীক্ষা সংঘ, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানান। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসসহ নানা কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচি থেকে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিযা ত্বরান্বিত করার দাবি জানানো হয়। সকালে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ বিজয় দিবস উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা বের করে। এতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৬২৩ ঘ.