ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজারের গাড়ি পোড়ানো ও ফারুক হোসেন হত্যামামলায় জিজ্ঞাসাবাদের জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। তিনি সাকাকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়েছেন। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এর ওপর শুনানি হওয়ার কথা।
রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান কার্যালয় থেকে সালাউদ্দিনকে নিয়ে বৃহস্পতিবার দুপুর ২টার কিছু সময় পর পুলিশের একটি গাড়ি বের হয়। র্যাব ও পুলিশের প্রহরায় গাড়িটি দুপুর আড়াইটায় পুরান ঢাকার আদালত এলাকায় পৌঁছে।
সালাউদ্দিন কাদেরকে রাখা হয়েছে আদালতের হাজতখানায়। আদালতে বিএনপি সমর্থক আইনজীবী ও দলীয় নেতা-কর্মীরা জড়ো হয়েছেন।
বিএনপির ডাকা হরতালের একদিন আগে গত ২৬ জুন মগবাজার রেলক্রসিংয়ের কাছে একটি প্রাইভেটকারে আগুন ধরানো হয়। এতে আহত হন দুজন। অগ্নিদগ্ধ ফারুক হোসেন পরে হাসপাতালে মারা যান।
রিমান্ডের আবেদনে বলা হয়েছে- হরতাল সফল করতে উস্কানি দিয়ে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আগুনের উৎস এবং ওই ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার এবং প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জন্য সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
হরতালে লাশ ফেলার জন্য সালাউদ্দিন পুরস্কার ঘোষণা দিয়ে নেতা-কর্মীদের প্ররোচিত করেন বলেও আবেদনে বলা হয়।
জিজ্ঞাসাবাদের আবেদনের সঙ্গে সালাউদ্দিনের বিরুদ্ধে ৩৫টি সাধারণ ডায়েরি ও মামলা থাকার তথ্য উল্লেখ করা হয়।
দুপুরে ডিবি কার্যালয় থেকে সালাউদ্দিনের গাড়ি বের হওয়ার সময় তার স্ত্রী ও ছেলেরা গাড়ির সামনে দাঁড়ান। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। ওই সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিলেন।
ভোররাতে গ্রেপ্তারের পর বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিলো।
যুদ্ধাপরাধের অভিযোগে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে বনানীর একটি বাড়িতে গ্রেপ্তার হন সংসদ সদস্য সালাউদ্দিন কাদের।
রমনা থানার ওসি শিবলী নোমান সাংবাদিকদের জানান, মগবাজারে গত ২৬ জুন গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও আসামি।
চট্টগ্রামের সংসদ সদস্য সালাউদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি বন্দরনগরীতে রোববার আধাবেলা হরতাল ডেকেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৪৩৭ ঘ.
bdnews24