সিলেট, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে বাল্যবিয়ে দেওয়ায় সিলেটের কানাইঘাটে বর ও কনের বাবার ১৫ দিনের কারাদণ্ড হয়েছে।
এছাড়া তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনদিন কারাভোগ করতে হবে।
বুধবার কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউল ইসলাম চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ রায় দেয়।
রায়ে মেয়েটিকে বাবার বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং তার ১৮ বছর পার হওয়ার পর স্বামীর বাড়ি যাওয়ার আদেশ দেওয়া হয়েছে।
এরপর কনের বাবা হারিছউদ্দিন (৫৫) ও বরের বাবা ফরিদউদ্দিনকে (৪৫) সিলেট কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
কানাইঘাট থানার ওসি শফিকুর রহমান বলেন, উপজেলার পূর্ব কেউটি হাওর গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে একই গ্রামের সুহেল আহমদের (২৩) বিয়ের তারিখ ছিল গত ২৪ নভেম্বর।
খবর পেয়ে ইউএনও বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়ে বন্ধ করেন। এছাড়া পরবর্তীতে মেয়েটির পরিণত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার আদেশ দিয়ে আসেন।
ওসি আরো বলেন, এদিকে গত ২৫ নভেম্বর আদালতে হলফনামার মাধ্যমে মেয়েটির বয়স ১৩ থেকে বাড়িয়ে ১৯ বছর করে গোপনে বিয়ে সম্পন্ন করা হয়।
ঘটনাটি শোনার পর ইউএনও নির্দেশ দিলে বুধবার উপজেলা প্রশাসনের একটি দল বর ও কনের বাবাকে তার কার্যালয়ে নিয়ে আসে।
দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিচার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৮ ঘ.
bdnews24