ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অধ্যাপক কেএম শামসুল হুদা (৭৫) আর নেই।
পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু লালমাটিয়া সিটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বোনজামাই।
শামসুল হুদা ১৯৭০ সালে গণপরিষদ সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন; সম্মুখযুদ্ধে তিনি গ্রেনেডের স্লিন্টারে আহতও হন।
শামসুল হুদা ১৯৭৩ সালে জাতীয় সংসদে মুন্সীগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
অধ্যাপক হুদার প্রথম নামাজে জানাজা বাদ জোহর লালমাটিয়া বিবির মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হবে।
বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় জানাজা শেষে তাকে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক হুদার মেয়ে ড. জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, সিনেট সদস্য ও নীল প্যানেলের সহ-আহবায়ক। মেয়ে ফাজরিন হুদা একই বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম বিষয়ের অধ্যাপক এবং ছেলে মুসাইড আমিরুল হুদা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকে কর্মরত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/১২৩৪ঘ.
bdnews24