ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করাই বিরোধী দলের মূল কাজ।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, "যাদের মিথ্যা বলার অভ্যাস তারা মিথ্যাচার করেই যাবে।"
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "দুর্নীতিবাজ, খুনি ও যুদ্ধাপরাধীদের মদদ দিয়ে তারা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে চায়। দেশকে পেছনে টেনে রাখতে চায়।"
"যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায়, দেশের মানুষের জন্য তাদের দরদ ভণিতা ছাড়া কিছুই নয়," বলেন তিনি।
সভার শুরুতে মুক্তিযুদ্ধে নিহত শহীদ এবং বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভা পরিচালনা করেন আওয়ামী লেিগর প্রচার সম্পাদক নূহ-উল আলম লেনিন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/পিডি/২০৪২ ঘ.
bdnews24