নোয়াখালী, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে নোয়াখালী শহরে আওয়ামী লীগকর্মীরা ব্যাপক ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়।
সোমাবার রাত ৯টার দিকে শহরের প্রধান সড়কে ও শহীদ মিনার প্রাঙ্গনে বিজয় মেলায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদুল্লাহ খান সোহেলের অনুসারীরা এ ভাংচুরের ঘটনা ঘটায় বলে দলের নেতারা দাবি করেন।
তবে সহীদুল্লাহ খান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় পুলিশ সহীদুল্লাহসহ পাঁচজনকে আটক করেছে। পরে ছাত্রলীগকর্মী সুলতানকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
ছাড়া পেয়েছেন- সহীদুল্লাহ খান সোহেল, সুধারাম থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ হাসান রোমেল, যুবলীগের ছোট সোহেল ও নুর হোসেন।
শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয় মেলা পরিষদের সাংস্কৃতিক উপ কমিটির কামাল হোসেন মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে প্রধান সড়কে ও মেলায় হামলা করে।"
এ সময় তারা কয়েকটি দলে ভাগ হয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ ছয়টি গাড়ি ও প্রধান সড়কের পাশে দু'টি দোকানসহ মেলার শতাধিক স্টল ও মঞ্চে ভাংচুর করে।
তারা সহীদুল্লাহর অনুসারী জানিয়ে তিনি বলেন, রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তারা ভাংচুর চালায়।
সাংস্কৃতিক সংগঠন শিশু নাট্যমের সভাপতি এবিএম কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলামঞ্চে তখন অনুষ্ঠান চলছিল। হামলায় শিল্পীসহ অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশু আহত হয়েছে।"
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজুল করিম বাচ্চু জানান, "ক্যাডারা মেলার মঞ্চ, মাইক, সাউন্ড সিস্টেম, প্যান্ডেল ও চেয়ার-টেবিল ভেঙে তছনছ করেছে।"
সুধারাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজয় মেলা পরিষদের সভাপতি শিহাব উদ্দিন শাহীন বলেন, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। বুধবার কমিটির প্রতিবেদন পাওয়া যাবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জেলা আওযামী লীগের উপ-প্রচার সম্পাদক সামছুদ্দিন জেহান বলেন, "পৌরসভার মেয়র নির্বাচনে আমাকে দলীয় মনোয়ন দেওয়া হয়েছে এমন খবরে সহীদুল্লাহর লোকজন এ হামলা ও ভাংচুর চালায়।"
সহিদুল্লাহ খান সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, "বিক্ষুব্ধ লোকজন শহরে মিছিল করেছিল। হামলা ও ভাংচুরের বিষয়টি আমার জানা নেই।"
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।"
এ ঘটনায় এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০১০ ঘ.
bdnews24