২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজের ক্রুদের উদ্ধারে সরকারি হস্তক্ষেপ চেয়েছে স্বজনরা

আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজের ক্রু-নাবিকদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজের ক্রু-নাবিকদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকালে নগরীর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। জাহাজে অবস্থানরত চট্টগ্রামের দুই ক্যাডেটের পরিবারের সদস্য ও তাদের স্বজনরা মানবন্ধনে অংশ নেন। তারা জলদস্যুদের মুক্তিপণ দিয়ে ক্রুদের মুক্ত করে আনতে জাহাজটির মালিক প্রতিষ্ঠান ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তবে জাহাজের মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট মঙ্গলবার বিকালে জানিয়েছে, জলদস্যুরা এখনো তাদের কাছে কোনো মুক্তিপণ দাবি করে নি। গত ৫ ডিসেম্বর বিকাল পৌনে ৪টার দিকে এমভি জাহান মনি ভারতের কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দূরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজে ক্যাপ্টেন, প্রধান প্রকৌশলীসহ ২৫ জন নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী রয়েছেন। ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম জানান, রোববার দুপুর ও রাতের পর জলদস্যুদের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। জলদস্যুরা জাহাজে অবস্থানরত প্রত্যেক ক্রুকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দিয়েছে বলে তিনি শুনেছেন। মানববন্ধন কর্মসূচিতে আসা এমভি জাহান মনি'র ইঞ্জিন ক্যাডেট শাহরিয়ার রাব্বীর (২১) মা বিলকিস রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমাদের সন্তানের জীবন নিয়ে উদ্বিগ্ন। এজন্য তাদের রক্ষায় সরকার ও জাহাজ মালিকের হস্তক্ষেপ চেয়ে মানবন্ধন করেছি।" রোববার রাতে রাব্বীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "রাব্বী আমাকে বলেছে, জলদস্যুরা অস্ত্রের মুখে তাদেরকে জাহাজের শৌচাগারে যেতে দেওয়া ও অন্যান্য কাজ করতে দিচ্ছে। জাহাজে খাবার দ্রুত ফুরিয়ে আসছে। ক্রুদের উদ্ধারে সরকার বা মালিকপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কি না সে জানতে চেয়েছে।" বিলকিস রহমান তার ক্যান্সার আক্রান্ত স্বামী জিয়াউর রহমানকে নিয়ে নগরীর বন্দরটিলা এলাকায় থাকেন। তিনি তার সন্তানসহ অন্য ক্রুদের উদ্ধারে জাহাজের মালিক পক্ষ ও সরকারের সহযোগিতা কামনা করেন। মানববন্ধন কর্মসূচিতে জাহাজের আরেক ক্যাডেট মো. মহিউদ্দিনের (চট্টগ্রামে বাড়ি) স্বজনরাও অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৪১ ঘ.