ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা পরিদপ্তরের অধীনে নতুন করে আরো দুইশ ৭৭ জন জ্যেষ্ঠ স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সেবা পরিদপ্তরের এক প্রজ্ঞাপনে শূন্য পদে অস্থায়ীভাবে নতুন এ নিয়োগের কথা জানানো হয়। এর আগে গত জুলাই মাসে এক হাজার ৪৪৫ জন জ্যেষ্ঠ স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়।
আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে তাদেরকে পদায়নকরা স্থানে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচিতদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র পাঠানো হয়েছে। এ সংক্রান্ত আদেশ মঙ্গলবার থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়যভ.িমড়া.নফ) পাওয়া যাবে।
এছাড়া ১৬১ জন সহকারী নার্সকে জ্যেষ্ঠ স্টাফ নার্স হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আদেশ ইতিমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এদের প্রত্যেকের পুলিশ প্রতিবেদন সন্তোষজনক হলে যোগদানপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। কাজে যোগ দেওয়ার ১০ দিনের মধ্যে তাদেরকে সিভিল সার্জন অথবা সমপদমর্যাদার কোনো চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
চাকরিতে যোগ দেওয়ার জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা দেওয়া হবে না বলেও পজ্ঞাপনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/পিডি/২০২৮ ঘ.
bdnews24