২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ২ পোশাক কারখানায় বিক্ষোভ

নতুন মজুরি কাঠামোয় বৈষম্যের প্রতিবাদ ও মজুরি হার বৃদ্ধির দাবিতে সোমবার আশুলিয়ায় দু'টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

সাভার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মজুরি কাঠামোয় বৈষম্যের প্রতিবাদ ও মজুরি হার বৃদ্ধির দাবিতে সোমবার আশুলিয়ায় দু'টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ দুই কারখানা হল- ডিইপিজেড পুরাতন জোনের হোপলুন বিডি লিমিটেড ও জামগড়া এলাকার সাদাপিয়া সোয়েটার্স লিমিটেড। আশুলিয়া থানা পুলিশ জানায়, নতুন মজুরি কাঠামোয় পুরনো ও নতুন শ্রমিকদের মজুরি বৃদ্ধি আনুপাতিক হারে না হওয়ায় হোপলুন বিডি লিমিটেড কারখানার প্রায় সাড়ে চার হাজার শ্রমিক সকাল ৮টার দিকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকালে তারা কাজে যোগ দিতে সম্মত হয়। এদিকে, প্রতিপিস কাপড়ের মজুরি বাড়ানোর দাবিতে সাদাপিয়া সোয়েটার্স লিমিটেড কারখানার প্রায় ১১শ' শ্রমিক সকাল ৯টা থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় দাবি মেনে নেওয়ার আশ্বাস পেলে দুপুর দেড়টার দিকে তারা কাজে যোগ দেয়। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আলোচনা করে দুই কারখানায় পরিস্থিতি শান্ত করা হয়েছে। ডিইপিজেডসহ আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। হোপলুন বিডি লিমিটেডের ব্যাবস্থাপক (মানবসম্পদ) আব্দুল্লাহ আল-আমিন খান বলেন, "দুপুর থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। আমরা শ্রমিকদের দাবি মেনে নিয়েছি। শ্রমিকরা কাজে যোগদান করবে।" শ্রমিক অসন্তোষের কারণে তাদের প্রতিষ্ঠানের দৈনিক ৭০ লাখ টাকা লোকসান হচ্ছে বলে তিনি জানান। সাদাপিয়া সোয়েটার্স লিমিটেডের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৮ ঘ.