২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশীদের বৈধ করার চেষ্টা

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী প্রায় তিন লাখ বাংলাদেশীকে বৈধ করার লক্ষ্য নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ওই দেশ সফর করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 04:07 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী প্রায় তিন লাখ বাংলাদেশীকে বৈধ করার লক্ষ্য নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ওই দেশ সফর করছেন। অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া ও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার খুলে দেওয়াসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তৎপরতা চালাবেন। তার এ সফরকালে বৈধতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মন্ত্রী আগাম কোন মন্তব্য করতে রাজী হননি। এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশটিতে বর্তমানে তিন লাখ অবৈধ প্রবাসী বাংলাদেশী রয়েছে। এদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।" কী ভাবে এসব সমস্যা সমাধান করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, "এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। আগে কাজ শেষ করে ফিরে আসি, তারপর সেটি গণমাধ্যমকে জানানো হবে।" প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী বছরের শুরুতেই যাতে বাংলাদেশকে 'সোর্স কান্ট্রি' হিসেবে তালিকাভূক্ত করা হয়, সে ব্যাপারে মন্ত্রী মালয়েশিয়া সফরের সময় কাজ করবেন। একইসঙ্গে ২০১১ সালের এপ্রিলের মধ্যে দেশটি যেনো বাংলাদেশের ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেয়, তাও তিনি নিশ্চিত করার চেষ্টা করবেন। সূত্রটি জানিয়েছে, মন্ত্রীর এ সফরকালে মালয়েশিয়ায় মৎস্যজীবি হিসেবে ছয় হাজার বাংলাদেশী কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আলোচনায় আসতে পারে তিন বছর আগে বাতিল হওয়া ৫৫ হাজার 'আহুত (কলিং) ভিসা'র বিষয়ও। এ বছরের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেয়ার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। মালয়েশিয়াও বিষয়টি সর্বোচ্চ বিবেচনার আশ্বাস দেয়। কিন্তু গত জুনে মালয়েশিয়া সরকার সব ধরণের অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় দেশত্যাগের সুযোগ দেওয়ার ঘোষণা দিলে এ প্রক্রিয়া থমকে যায়। সাধারণ ক্ষমার আওতায় একজন অবৈধ শ্রমিক জরিমানা ও শাস্তি ছাড়াই পাসপোর্ট বা ট্র্যাভেল পাস নিয়ে দেশে ফেরার সুযোগ পায়। মূলত: অবৈধভাবে অনুপ্রবেশকারী, মেয়াদের অতিরিক্ত সময় অবস্থানকারী (ওভার স্টে) বা মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানকারীদেরই এ সাধারণ ক্ষমা করা হয়। প্রায় সাত বছর বন্ধ থাকার পর ২০০৭ সালে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে আবারো কর্মী নেওয়া শুরু করে। কিন্তু লোক নেওয়া পুরোদমে শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় বিশ্বমন্দা। এ অজুহাতে তখনই আবারো এ নিয়োগ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মালয়েশিয় সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এরপরও ২০০৯ সালে ১২ হাজার ৪০২ জন কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পায়। চলতি বছরের গত ১১ মাসে দেশটিতে যাওয়ার সুযোগ পায় মাত্র ৭৫৬ জন বাংলাদেশী কর্মী। দেশটিতে বর্তমানে ছয় লাখ ৯৯ হাজার ৪৬১ জন বাংলাদেশী কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/০৯৪১ ঘ.