রাজশাহী, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবা উপজেলায় একটি পাঁচ বছরের শিশুকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নিহত বৈশাখী পবা উপজেলার খোলাবোনা গ্রামের আব্দুল আলিমের মেয়ে।
বৈশাখীর বাবা আব্দুল আলিম বলেন, সকাল থেকে তার বৈশাখীকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির কাছে একটি ঝোপের মধ্যে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
পবা থানার উপ-পরিদর্শক আবু ওবায়দা বলেন, পারিবারিক কোন্দলের জেরে শিশুটিকে অপহরণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এলাকার দুই নারী ও এক পুরুষকে আটক করে থানায় এনেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24