ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে জাতীয় উদ্ভিদ উদ্যানে একটি গাছ থেকে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে শারমিন আক্তার ঝুলিয়া (১৯) নামে ওই পোশাক শ্রমিকরে লাশ উদ্ধার করা হয়।
নিহত শারমিনের ভাই মনির হোসেন সাংবাদিকদের জানান, শনিবার সকালে সে পল্লবীর রুপনগর টিনশেড বাসা থেকে মিরপুরে সাত নম্বর সেক্টরের বঙ্গ গার্মেন্টেসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়।
"রাতে বাসায় না ফেরায় তার মোবাইল নম্বরে ফোন করলেও ফোন রিসিভ হয়নি।"
মনির বলেন, সকালে জানতে পারি একটি মেয়ের লাশ বাগানের গাছে ঝুলে আছে। দৌড়ে এসে শারমিনকে দেখতে পাই।
পরে পুলিশ এসে লাশ নামায়। শারমিনের সঙ্গে তার মোবাইলটি পাওয়া যায় বলে জানায় পুলিশ।
শাহআলীর থানার উপ-পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শারমিনের বাড়ি শরিয়তপুরের ডামুড্ডার ঘরোয়া গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২৪০ ঘ.
bdnews24