২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড জাতীয় পদার্থ নিক্ষেপ, মা-মেয়ে আহত

দুর্বৃত্তের ছোড়া এসিড জাতীয় পদার্থে মাগুরায় এক গৃহবধূ ও তার শিশুকন্যার শরীর ঝলসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

মাগুরা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের ছোড়া এসিড জাতীয় পদার্থে মাগুরায় এক গৃহবধূ ও তার শিশুকন্যার শরীর ঝলসে গেছে। তাদের সাহায্যে করতে এসে ধারালো অস্ত্রের ঘায়ে আহত হন পরিবারের আরেক সদস্য। আহতরা হলেন- বিউটি বেগম (৩৫), তার মেয়ে তুলি (৯) ও বিউটির ভাসুর জহুর শেখ। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে এ ঘটনাটি ঘটে। হাসপাতালে বিউটি বেগম সাংবাদিকদের বলেন, একই গ্রামের জমির মুন্সি দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। কিছুদিন আগে অশালীন কথা বলায় তাকে ঝাঁটাপেটা করেন তিনি। ওইদিন জমির প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে যায়। এর জেরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর অনুপস্থিতিতে জমির ধারালো অস্ত্র ও এসিডের বোতল নিয়ে তার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। তার চিৎকারে জহুর শেখ এগিয়ে এলে মা-মেয়েকে এসিড ছুড়ে মারে এবং জহুর শেখকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ সাদুল্লাহ বলেন, "নিক্ষিপ্ত বস্তু এসিড কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রাসায়নিকের ক্রিয়ায় তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আমরা এসিডের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে একটি মেডিকেল বোর্ড গঠন করেছি।" সদর থানার ওসি আব্দুর রকিব খান বলেন, এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.