২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচনের আগে অর্থছাড় না করার সুপারিশ ইসির

পৌর নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক নতুন প্রকল্প অনুমোদন ও অর্থছাড় না করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক নতুন প্রকল্প অনুমোদন ও অর্থছাড় না করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এ সংক্রান্ত চিঠি মন্ত্রি পরিষদ সচিব বরাবর পাঠানো হয়েছে বলে জানান ইসির সিনিয়র সহকারি সচিব আবদুল বাতেন। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানান, তফসিল ঘোষিত নির্বাচনী এলাকাগুলোয় এই মুহূর্তে উন্নয়নমূলক নতুন প্রকল্প অনুমোদন ও অর্থছাড় না করতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। সেইসঙ্গে নতুন করে ভিজিডি কার্ড বিতরণও বন্ধ রাখার সুপারিশ করা হয়। তবে চলমান প্রকল্পের কাজ স্বাভাবিক গতিতেই চলবে বলে তিনি জানান। দেশের ২৬২ টি পৌরসভায় ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে চার দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনে প্রার্থী নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান 'উত্তাপ ও উত্তেজনা' সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "নির্দলীয় পৌরসভা নির্বাচনে দলগত মনোনয়ন দেওয়া ও নেওয়ার বিধান নেই; ইসি থেকেও দলীয় প্রতীক বরাদ্দ হচ্ছে না। যে কোনো দল বাইরে থেকে প্রার্থীদের সমর্থন দিতে পারে।" "তবে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী মর্যাদার কেউ এ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।" এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে তিনি নির্বাচনী প্রচারে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে প্রচারণা নিয়ে বাড়াবাড়ি না করারও পরামর্শ দিয়েছেন। পৌর নির্বাচনকে সামনে রেখে বরিশাল ও ঝালকাঠি এলাকা সফরের অভিজ্ঞতা তুলে ধরে নির্বাচন কমিশনার জানান, পত্র-পত্রিকায় দেখা যাচ্ছে আচরণবিধি লঙ্ঘন করে কিছু কিছু এলাকায় প্রচার চালানো হচ্ছে। এখন থেকে এসব প্রচার বন্ধ না করলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তাদের প্রার্থীতা বাতিল করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২০০ ঘ.