চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে দু'টি অভিযানে অস্ত্র ও হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিডিআর।
শনিবার রাত ও রোববার সকালে শিবগঞ্জ উপজেলার এরাদো বিশ্বাসটোলা গ্রাম ও সদর উপজেলার মহারাজপুরে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হয়েছেন- এরাদো বিশ্বাসটোলা গ্রামের মো. নাইমুল (৪০), সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের কাজল রানা (২০) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের স্বপন ইসলাম সুমন (২১)।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর আবু বলেন, শনিবার রাত ৩টার দিকে এরাদো বিশ্বাসটোলা গ্রামের নাইমুলের বাড়ি থেকে একটি আমেরিকার তৈরি পিস্তল, দু'টি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলিসহ নাইমুলকে গ্রেপ্তার করা হয়।
রোববার সকাল ১০টার দিকে বিডিআরের একটি টহলদল মহারাজপুর থেকে কাজল ও স্বপনকে গ্রেপ্তার করে। এ সময় কাজলের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে দু'টি মামলা করেছে বিডিআর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২২০০ ঘ.
bdnews24