চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজের মালিক পক্ষের সঙ্গে সোমালিয়া থেকে জলদস্যুরা যোগাযোগ করেছে। তবে তারা এখনো মুক্তিপণ দাবি করেনি।
জাহাজের মালিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চট্টগ্রামে রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে 'গারাকাড' নামে ছোট একটি মৎস্য গ্রামের কাছে নোঙ্গর করে আছে।
গত ৫ ডিসেম্বর বিকাল পৌনে ৪টার দিকে বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহান মনি কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দুরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে।
রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহজাহান জানান, রোববার দুপুর আড়াইটা ও রাত ৭টায় জলদস্যুরা রোমিং ফোনের মাধ্যমে জাহাজ থেকে মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলেছে।
"তবে জলদস্যুদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনোপ্রকার মুক্তিপণ চাওয়া হয়নি।"
শাহজাহান ছিনতাই হওয়া জাহাজ এমভি জাহান মনি'র মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজম্যান্ট লিমিটেডের স্বত্ত্বাধিকারী ব্যবসায়িক গোষ্ঠী কবির গ্র"পের চেয়ারম্যান।
ছিনতাই হওয়া জাহাজের ২৫ জন ক্রু এবং প্রধান প্রকৌশলির স্ত্রী ভালো আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
শাহজাহান জানান, তারা জাহাজের ক্যাপ্টেন ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলি মতিউল মাওলা এবং তার স্ত্রী রোকসানা গুলজারের সঙ্গে কথা বলেছেন।
"জাহাজের অবস্থানরত সবাই সুস্থ আছেন বলে ফোনে তারা জানিয়েছেন।"
ব্রেভরয়েলের ব্যবস্থাপক মেহেরুল করিম জানান, দুপুর আড়াইটায় প্রথমে একজন জলদস্যু ফোন করে ইংরেজিতে কথা বলেন এবং ক্যাপ্টেনসহ তিনজনের সঙ্গে কথা বলতে দেন। জলদস্যু তার পরিচয় দেননি।
ক্রুদের ছাড়িয়ে নিতে কতোদিন লাগতে পারে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যত দ্রুততার সঙ্গে তাদের ছাড়িয়ে আনা যায় সেব্যবস্থা আমরা নেবো।
তাদের ওপর কোনো হামলাও করা হয়নি বলে জানান তিনি। সব ক্রুকে এমভি জাহান মনি'র ব্রিজে একটি কক্ষে এনে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩১১ ঘ.
bdnews24