ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটের রামপালে জমি অধিগ্রহণ করে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন প্রকল্প এলাকার জমির মালিকরা।
দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণারও হুমকি দেন তারা।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় জমির মালিকদের সংগঠন কৃষি জমি রক্ষা সংগ্রাম পরিষদ।
সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সহ-সভাপতি সুশান্ত কুমার দাস বলেন, "গণমাধ্যম থেকে জেনেছি বাগেরহাটের রামপালে ভারত ও বাংলাদেশ সরকার যৌথভাবে কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। ইতোমধ্যে জেলা প্রশাসন এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কৃষি জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে।
"রামপালের সাপমারি মৌজা থেকে প্রায় এক হাজার ৪৮৪ একর এবং কৈগরদাসকাঠি মৌজা থেকে সাড়ে তিনশ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।"
এতে আরো বলা হয়, এখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে এলাকার কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। কিন্তু জমি অধিগ্রহণের ফলে অনেক মানুষ বেকার হয়ে পড়বে। তাদের সবাইকে পুনর্বাসন আদৌ সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে বলা হয়, মংলা বন্দরের পাশে সরকারের অধিগ্রহণ করা প্রায় দুই হাজার একর জমি অব্যবহৃত অবস্থায় আছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি ওই স্থানে স্থাপন করা হোক।
খুলনায় ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এ বছরের অগাস্টে নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারত একটি সমঝোতা স্মারক সই করে।
ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি মহিউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক মঈনুল হক বাবু, সদস্য সিরাজ গাজী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২১২০ ঘ.
bdnews24