ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পদে থেকে মেয়রদের পুনরায় পৌর নির্বাচনে অংশ গ্রহণের ওপর বিধিনিষেধ আরোপ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা আদেশের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি ম খসরুজ্জামানের বেঞ্চ ঠাকুরগাঁও পৌর মেয়র শহীদ কামাল চৌধুরীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
সেইসঙ্গে ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- চার সপ্তাহের মধ্যে ইসির কাছে তার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।
আদেশের পর রিট আবেদনকারীর আইনজীবী এ এম আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের এ আদেশের ফলে পৌর মেয়রদের পদে থেকে পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।"
গত ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন এক পরিপত্রে ওই বিধিনিষেধ আরোপ করে।
ওই পরিপত্রে বলা হয়, পৌর মেয়ররা পুর্ণকালীন পদে থাকেন। এটি লাভজনক পদ। তাই পৌর মেয়রদের পুনরায় নির্বাচন করতে হলে পদত্যাগ করে করতে হবে।
রিট আবেদনের ওপর শুনানিতে এডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুয়ায়ী মেয়রদের পদ লাভজনক নয়। তাই ৯ ডিসেম্বর জারি করা পরিপত্রটি পৌরসভা আইন পরিপন্থী।
শুনানিতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এইচএ/১৯৫৫ ঘ.
bdnews24