২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা রোধে আইন পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, ট্রাফিক আইন পরিবর্তন ছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, ট্রাফিক আইন পরিবর্তন ছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়। রাষ্ট্রপতি বলেন, "বর্তমান ট্রাফিক আইনে লাগামহীন গাড়ি চালিয়ে মানুষ হত্যা করে চালকরা পার পেয়ে যায়। এ আইন বদলাতে হবে। নতুন আইন করে তা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিতে হবে। হত্যাকারী যে হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।" রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে 'সড়ক দুর্ঘটনার কার্যকর প্রতিরোধ চাই' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান আইনে চালকের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড আর আটকের পর জামিনে মুক্তি পাওয়ার বিধান রয়েছে। সেমিনারে উপস্থিত যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে রাষ্ট্রপতি ট্রাফিক আইন মেনে চলতে চালকদের বাধ্য করা, সড়ক দুর্ঘটনায় নিহত ও পঙ্গুত্ববরণকারীদের সরকারি অনুদান প্রদান এবং সেমিনারের সুপারিশের আলোকে কার্যকর ট্রাফিক আইন প্রণয়নে পদক্ষেপ নিতে পরামর্শ দেন। দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা মর্মস্পর্শী উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, "জনসংখ্যা ও যানবাহন বাড়ার পাশাপাশি দুর্ঘটনা বাড়ছে।" যারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করছে তাদের সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, "২০২১ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৬০ শতাংশ ও আগামী তিনবছরের মধ্যে ২০ শতাংশ কমিয়ে আনা হবে।" মন্ত্রী বলেন, "দুর্ঘটনা কমিয়ে আনতে যেসব এলাকায় দুর্ঘটনা বেশি হয় সেখানকার রাস্তাগুলো প্রশস্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।" চলতি অর্থবছরে সংসদে রাষ্ট্রপতির সমাপনী ভাষণের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ময়মনসিংহ-জয়দেবপুর মহাসড়ক ও রাজধানীতে ২৬ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণের আদেশ দেওয়া হবে বলে জানান যোগাযোগমন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান সড়ক দুর্ঘটনা ক্রমান্বয়ে বৃদ্ধির জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে দায়ী করেছেন। তিনি বলেন, "দেশের ইতিহাসে সড়ক দুর্ঘটনা তদন্তে মাত্র একটি তদন্ত কমিটি তাদের তদন্ত রিপোর্ট জমা দিতে সক্ষম হয়েছে। সেটা গত ২৬ শে মার্চ অতিরিক্ত সচিব ছিদ্দিকুর রহমানের মৃত্যুর পর। সেখানে বেরিয়ে এসেছে রাস্তা নির্মাণ ত্র"টিপূর্ণ হওয়ায় দুর্ঘটনাটি হয়েছে।" অধ্যাপক মিজানুর রহমান ত্র"টিপূর্ণ রাস্তা নির্মাণ, হেলপার থেকে সরাসরি চালক হওয়া, দক্ষতা যাছাই না করে ঘুষের বিনিময়ে লাইসেন্স ইস্যু করা, ট্রাফিক পুলিশের দুর্নীতি এবং সড়ক দুর্ঘটনায় শাস্তির পরিমাণ কম হওয়াকে দুর্ঘটনা বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্র চাইলে এগুলোর প্রতিরোধ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএএ), সাইফ ফাউন্ডেশন ও ফ্যামিলিজ ইউনাইটেড অ্যাগেইনস্ট রোড এক্সিডেন্ট (ফুয়ারা) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। ডিইউএএ সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য তারানা হালিম, সাইফ ফাউন্ডেশনের চেয়ারপারসন সামিয়া হালিম, ফুয়ারা'র আহ্বায়ক ইকরাম আহমেদ ও ডিইউএএ সাধারণ সম্পাদক রকিব উদ্দিন আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৮৪৩ ঘ.