ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পাটুয়াটুলী এলাকা থেকে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ তিনদিন পর বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে মিটফোর্ড ঘাট বরাবর বুড়িগঙ্গা নদী থেকে মন্টু রবিদাসের (৫৩) ভাসমান লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তার বাসা কোতয়ালী থানার ৫৮ নম্বর পাটুয়াটুলী এলাকায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি তিনদিন আগের মনে হচ্ছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে হলেও তিনি কোনো নৌ-দুর্ঘটনায় পড়েছেন কী না তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহতের ভাতিজা গোবিন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে মন্টু রবিদাস বাসা থেকে বের হয়ে আর ফেরেন নি। এ ব্যাপারে থানায় জিডিও করা হয়েছে।
মন্টুর মেয়ে শিউলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা বিভিন্ন অনুষ্ঠানে দেয়াল লিখন ও মঞ্চ সাজানোর কাজ করে সংসার চালাতেন।"
মন্টু দুই মেয়ে ও এক ছেলের জনক।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭১৭ ঘ.
bdnews24