২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির মুখে ছাই দিন, পুলিশকে সাহারা

আইন-শৃঙ্খলা বাহিনীর দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কাজের মাধ্যমে তার জবাব দিতে বলে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 07:37 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা বাহিনীর দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কাজের মাধ্যমে তার জবাব দিতে বলে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি মনে করছেন, পুলিশ বাহিনীতে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে ওই প্রতিবেদন প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত সমীক্ষা প্রতিবেদনে বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর পুলিশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরা হয়। এর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী রোববার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ১ হাজার ৪৯ জনের মধ্যে জরিপ করে পুলিশকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে উল্লেখ করা দুঃখজনক। এ পদ্ধতি ঠিক নয়। চুলচেরা বিশ্লেষণ না করে এ রিপোর্ট দেওয়া ঠিক হয়নি।" "যে সময় দেশে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি চলছে; বিশ্ব ইজতেমা, বিশ্বকাপ ও পৌর নির্বাচনের নিরাপত্তার প্রস্তুতি চলছে; সে সময় এ ধরনের রিপোর্ট প্রকাশ করে পুলিশ বাহিনীতে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে", বলেন তিনি। পুলিশ বাহিনীর উদ্দেশে মন্ত্রী বলেন, "নিজেদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে টিআইবির মুখে ছাই দিয়ে এর জবাব দিতে হবে।" রাজারবাগ পুলিশ হাসপাতালে 'পুলিশ ব্লাড ব্যাংক' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন সাহারা। পুলিশ সদস্যদের কাজের মূল্যায়ন হচ্ছে না- অনুযোগ করে মন্ত্রী বলেন, "তারা শত ভালো কাজ করেও তারা সমাদৃত হয় না। প্রতিবছর সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন ঘটনায় দায়িত্বরত অবস্থায় ৪০ থেকে ৫০ জন পুলিশ প্রাণ হারাচ্ছেন। এছাড়া প্রচুর সংখ্যক পুলিশ সদস্য আহত হচ্ছেন।" অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক বলেন, দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য একটি মহল তৎপর রয়েছে। তাদের বিষয়ে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে হবে। পুলিশ হাসপাতালকে অত্যাধুনিক করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে পুলিশের মহাপরির্দশক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৩৩ ঘ.