জয়পুরহাট, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের কালাই উপজেলা সদরে ট্রাক চাপায় বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোমিনুল ইসলাম (৩৮) 'ঠেংগামারা মহিলা সবুজ সংঘ'র কালাই উপজেলা কার্যালয়ের শাখা ব্যবস্থাপক। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড়ধাই নগর গ্রামে তার বাড়ি। বাবা প্রয়াত মোজাব্বর হোসেন।
কালাই থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাতভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় জয়পুরহাটগামী ট্রাকটি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কে মোমিনুলকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে কালাই থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৭ ঘ.
bdnews24