২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়ে গৃহকর্মীর মৃত্যু

পানি গরম করতে গিয়ে রাজধানীতে আগুনে পুড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 06:51 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি গরম করতে গিয়ে রাজধানীতে আগুনে পুড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার কোতয়ালির গোয়লনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টুম্প রানী (১৭) চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার নারায়ণ চন্দ্রের মেয়ে। তিনি ৫৫ নম্বর গোয়লনগরে ধীমান চন্দ্র বসাকের বাসায় কাজ করতেন। পানি গরম করতে গিয়ে গায়ে আগুন লাগে বলে মৃত্যুর আগে হাসপাতালে টুম্পা সাংবাদিকদের জানান। তিনি বলেন, গৃহকর্তা ধীমানের স্ত্রী করুণা বসাক উচ্চ রক্তচাপের রোগী। বিকালে তিনি টুম্পাকে একা ঘরে রেখে বাইরে তালা দিয়ে ডাক্তারের কাছে যান। বরাবরের মতো পাশের বাসায় ঘরের চাবি দিয়ে বলে যান, গৃহকর্তা ধীমান এলে যেন চাবিটা তাকে দিয়ে দেন। গৃহকর্তা ধীমান বসাক বলেন, পাশের ঘরের লোকজন চামড়া পোড়ার গন্ধ পেলে তাদের ঘরের দরজা খুলে টুম্পাকে অগ্নিদগ্ধ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা টুম্পার গায়ে পানি ঢালতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি (ধীমান) বাসায় ফিরে আসার পর টুম্পাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে করেন। রাত সোয়া ১১টায় টুম্পার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.