ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ থানা এলাকায় মো. সাগর নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহনন করেছে বলে পুলিশ জানিয়েছে।
সবুজবাগ থানার সহকারী উপ-পরিদর্শক মো. মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মা রাহেলার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে সে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগায়। পুলিশ গিয়ে সাগরের মৃতদেহ উদ্ধার করে।
তিনি বলেন, শিশুটির বাবা সেকান্দার গত ঈদুল আজহার পর পর মারা গেছে বলে রাহেলা পুলিশকে জানায়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাহেলা সাগরকে নিয়ে সবুজবাগের দক্ষিণ মাণ্ডা এলাকায় আনোয়ার মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার শরিষাবাড়ির পুব্বই গ্রামে।
মা রাহেলা বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করে। আর সাগর মাণ্ডা এলাকায় পান সিগারেট বিক্রি করতো বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২২৪৪ ঘ.
bdnews24