২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরকে চট্টগ্রাম থেকে ঢাকা আনা হয়েছে

১০ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঢাকায় আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঢাকায় আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে আনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিআইডি'র পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। তিনি বলেন, "১০ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে ঢাকা আনা হয়েছে। তাকে সিআইডি সদরদপ্তরে রাখা হয়েছে।" এর আগে চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুটি গাড়ি বাবর ও রহিমকে নিয়ে ঢাকার পথে রওয়ানা হয়। ঢাকায় সিআইডি সদর দপ্তরে বাবর ও রহিমকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন। গত ৬ ডিসেম্বর বাবরকে এ মামলায় দ্বিতীয় দফায় পাঁচ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। অন্যদিকে আবদুর রহিমকে তৃতীয় দফায় ১ ডিসেম্বর পাঁচ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও তদন্ত সংস্থা সিআইডি এখনো তাকে জিজ্ঞাসাবাদ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইএম/পিডি/১৯২১ ঘ.