২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: বাবর-রহিম মুখোমুখি হচ্ছেন ঢাকায়

১০ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক এনএসআই প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 08:21 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক এনএসআই প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমকে ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুটি গাড়ি বাবর ও রহিমকে নিয়ে ঢাকার পথে রওয়ানা হয়। ঢাকায় সিআইডি সদর দপ্তরে বাবর ও রহিমকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।" গত ৬ ডিসেম্বর বাবরকে এ মামলায় দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। অপরদিকে আবদুর রহিমকে তৃতীয় দফায় ১ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলেও তদন্ত সংস্থা সিআইডি এখনো তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেন। ওই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাবর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর মহাপরিচালক ছিলেন রহিম। বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক দুই প্রধান, তিন সাবেক কর্মকর্তা, সিইউএফল এর তৎকালীন মহা পরিচালক, ব্যবস্থাপককে গ্রেপ্তার করে। এছাড়া তৎকালীন শিল্প ও স্বরাষ্ট্র সচিব, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, নৌবাহিনী এবং কাস্টমস এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৪১৬ ঘ.