ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আর্মি স্টেডিয়ামে শাহরুখ খানের লাইভ কনসার্টে ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
কিং খানের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দুপুর থেকেই তার ভক্তদের ঢল নামে আর্মি স্টেডিয়াম এলাকায়।
স্টেডিয়ামে ঢুকতে গিয়েই হোঁচট খায় দর্শকরা। দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে পড়ে প্রথমেই।
ভেতরে ঢুকে বসা নিয়ে হয় আরো সমস্যা। টিকেটের মূল্য অনুযায়ী দর্শকরা তাদের আসনে বসতে পারেনি। দেখা গেছে অনেকেই সবচেয়ে দামি টিকেট কিনে বসেছে মাটিতে। বসতে গিয়ে হুড়োহুড়ি করতে হয়েছে।
গ্যালারিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ ঢোকানো হয়েছে। ফলে কেউ কেউ ঠিকমতো দেখতে পায়নি। কেউবা ভালভাবে শুনতে পায়নি।
সবচেয়ে বড় ব্যাপার হল- কারো অভিযোগ শোনার মতো কেউ ছিল না।
অন্তর শো-বিজের স্বেচ্ছাসেবকরা দর্শকদের প্রতি নির্বিচারে দুর্ব্যবহার করেছে বলেও দর্শকরা অভিযোগ করেন।
কাউকে কাউকে তারা গলাধাক্কা দিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
রাজধানীর কারওয়ান বাজার থেকে আসা রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এত টাকা খরচ করে এ অনুষ্ঠান দেখতে এসে খুবই হতাশ হয়েছেন তিনি।
উত্তরার রায়হান বলেন, শাহরুখ খানের অনুষ্ঠান আরো অনেক বেশি উপভোগ করতে পারতাম। ব্যবস্থাপনার দুর্বলতার কারণে তা কিছুটা ম্লান হযেছে। স্বেচ্ছাসেবকদের ব্যবহার ভাল ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/০২৩১ ঘ.
bdnews24