ঝিনাইদহ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর হত্যার অভিযোগে এক সেনা সার্জেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাইজাল হক নামের ওই সার্জেন্ট সাভার সেনানিবাসে কর্মরত। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিকালে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব বলেন, গত ৩ নভেম্বর তাইজাল হক ছুটিতে বাড়ি আসেন। ২১ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে তিনি কালীদাসপুর গ্রামের শরিফুল ইসলামকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর থেকে শরিফুল নিখোঁজ থাকেন।
শরিফুল নিখোঁজ থাকাকালীন তার স্ত্রী ও স্বজনদের কাছে তাইজাল মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
কিন্তু টাকার অংখ নিয়ে দু'পক্ষ একমত না হওয়ায় অপহরণকারীরা জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহসাননগর গ্রামের ইপিল ইপিল বাগানে তার লাশ মাটিচাপা দেওয়া আছে।
গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) পুলিশ ওইস্থান থেকে শরিফুলের লাশ উদ্ধার করে।
পরদিন শরিফুল ইসলামের মা রওশন আরা বেগম বাদী হয়ে তাইজাল হকসহ তিনজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেছেন।
শরিফুলের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, শরিফুল ইসলামকে বাড়ি থেকে তাইজাল হক ডেকে নেওয়ার সময় তার মা ও বোন দেখেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৭ ঘ.
bdnews24