২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই হওয়া জাহাজের অবস্থান শনাক্ত

আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি সোমালীয় উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি সোমালীয় উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। শুক্রবার জাহাজের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ব্রেভওয়েল শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "সন্ধ্যা ৭টায় উপগ্রহের মাধ্যমে তোলা ছবি থেকে নিশ্চিত হওয়া গেছে যে, জাহাজটি সোমালীয় উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে রয়েছে। এটি তখন উপকূল অভিমুখী ছিল।" জাহাজটির অবস্থান থেকে সোমালীয় উপকূলের গ্যারাকাড শহরটি সবচেয়ে কাছাকাছি জানিয়ে তিনি বলেন, গতিপথ অপরিবর্তিত থাকলে জাহাজটি রাত ২টা নাগাদ উপকূলে পৌঁছতে পারে। তবে জাহাজের নাবিক বা জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানান মেহেরুল করিম। তিনি বলেন, "জাহাজে ই-মেইল ও স্যাটেলাইট ফোন সচল থাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি।" গত ৫ ডিসেম্বর বিকাল পৌনে ৪টার দিকে বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহান মনি কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দুরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। এসময় জাহাজটিতে ২৫ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন। এদের মধ্যে একজন নাবিক সপরিবারে ছিলেন। গত ৭ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও নৌমন্ত্রী শাজাহান খান জানান, জাহাজ ও নাবিকদের উদ্ধারে বিভিন্ন দেশের উদ্ধারকারী সংস্থা জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। দীপু মনি বলেন, "জাহাজটি তীরে না ভেড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/এইচএ/২২২২ ঘ.