২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তিন বাড়িতে ডাকাতি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহারাজপুর গ্রামে পাশাপাশি তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় মহিলাসহ ৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

কুষ্টিয়া, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহারাজপুর গ্রামে পাশাপাশি তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় মহিলাসহ ৮ জন আহত হয়েছে। মহারাজপুর গ্রামের ফেরদৌস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত দল প্রথমে তার বাড়িতে ডাকাতি করে। এরপর প্রতিবেশী মীর কাদিম ও নাসু মিয়ার বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নেয়। ভেড়ামারা থানার ওসি সরওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতদের বাধা দিতে গিয়ে ফেরদৌস হোসেন, আনোয়ারা বেগম, মিঠুন, মিন্টু, রিন্টু, রোজিনা ও রিতাসহ অন্তত ৮ জন আহত হন। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ফেরদৌস ও তার স্ত্রী আনোয়ারাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি জানান, ডাকাতির সংবাদ পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে নজরুল ইসলাম নামের একজনকে আটক করেছে। তার বাড়ি পার্শ্ববর্তী ফকিরাবাদ গ্রামে। ডাকাতির ঘটনায় শুক্রবার থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮২৮ ঘ.