ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পর এ প্রকল্প থেকে লাভের একটা অংশ বাংলাদেশ রেলওয়ে পাবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
রাজধানীর যানজট নিরসনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ আগামী মাসেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সেতু ভবনে 'এক্সপ্রেসওয়ে প্রকল্পের রুট এলাইনমেন্ট ও ভূমি অধিগ্রহণ' বিষয়ে সভা শেষে আবুল হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে (পিপিপি) নির্মিতব্য এক্সপেসওয়েটি রেললাইনের ধার ঘেষে যাবে। এ প্রকল্পে রেলওয়ের জমিই বেশি ব্যবহার করা হবে। তাই তারা লাভজনক এ প্রকল্পটির অংশ হতে চায়।"
"আমরাও রেলকে লাভজনক করতে চাই। এ প্রকল্পের লাভের অংশ রেলওয়েকে দেওয়া হবে", বলেন তিনি।
তবে রেল কত শতাংশ লাভ পাবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানান যোগাযোগমন্ত্রী।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়। গত ২৩ অগাস্ট প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প অনুমোদন করে মন্ত্রিসভা।
২০১১ সালে শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ ২০১৩ সালের মধ্যে শেষ হবে বলে সরকার আশাবাদী।
প্রকল্পটির চুড়ান্ত দরপত্রে যৌথভাবে দুটি দুটি করে চারটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এদের মধ্যে যে কোন দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে।
এক প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন বলেন, "চলতি মাসের মধ্যে কনসেশন চুক্তি হবে। আগামী মাসেই প্রকল্পের কাজ শুরু হবে বলে আমরা আশাবাদী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/২০১৭ ঘ.
bdnews24