রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত পদ্মা সেতুর সংযোগ রেলপথ নির্মাণের সম্ভাব্য ব্যয় এখনো নির্ধারণ হয়নি। তবে এর নির্মাণ আগামী বছরই শুরু করতে চায় সরকার।
"আগামী বছরেই পদ্মা সেতুর কাজ শুরু হবে," জানিয়ে সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সরকারের সময়ই সেতু ও রেলপথ নির্মাণের কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী।"
সংযোগ রেলপথের ব্যয় নির্ধারণ না হলেও এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ সহায়তা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া।
বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে 'প্রস্তাবিত পদ্মা সেতুর দুই প্রান্তের এক্সেস রোড ও রেললাইন নির্মাণ' বিষয়ক ওয়ার্কিং কমিটির সভা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান তারা।
ওয়ার্কিং কমিটির সভায় সভাপতিত্ব করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
পদ্মা বহুমুখি সেতুর সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুশ ৯০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে উন্নয় সহযোগীরা দেবে দুশ ৬৫ কোটি ডলার। বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার।
প্রস্তাবিত সেতুর একপাশে রয়েছে মুন্সিগঞ্জের মাওয়া এবং অন্যপাশে শরীয়তপুরের জাজিরা। ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ফরিদপুর পর্যন্ত সংযোগ রেলপথ নির্মাণ করা হবে বলে জানান সচিব।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে প্রস্তাবিত পদ্মা বহুমুখি সেতুতে সড়ক ও রেলপথের সমন্বয়ের কথা থাকলেও সেতুর দুপাশে সংযোগ রেলপথের বিষয়টি নেই।
সেতুর সঙ্গে সংযোগ করতে হলে ঢাকা থেকে মাওয়া এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত রেলপথ নির্মাণ করতে হবে বলে জানান পদ্মা বহুমুখি সেতুর প্রকল্প পরিচালক ।
তিনি বলেন, "ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৫০-৫৫ কিলোমিটার রেলপথ নির্মাণের বিষয়ে সমীক্ষা করছে এডিবি। সমীক্ষা শেষ হতে আরো প্রায় ছয় মাস লাগবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯২৫ ঘ.
bdnews24