বেনজীর আহমেদ বেনু, লিটন হায়দার, শামীম আহমেদ ও শহীদুল ইসলাম
নরসিংদী, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে দুই ট্রেনের মুখোমুটি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে শতাধিক যাত্রী।
দুর্ঘটনা কারণে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। দুর্ঘটনা ও হতাহতের ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে দুটি তদন্ত কমিটি করেছে। কমিটি দুটিকে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে নরসিংদী রেলস্টেশনে আন্তনগর ট্রেন চট্টলা এক্সপ্রেস ও মহানগর গোধূলীর মধ্যে এই সংঘর্ষ হয়।
দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে সেনাবাহিনী ও রেলওয়ের উদ্ধারকর্মী কাজ করছেন। দুর্ঘটনার পরপরই ঢাকা ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে ছুটে যায়।
নরসিংদীর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) আক্কাস উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে একটি ট্রেন আরেকটি ট্রেনের ওপর ওঠে গেছে। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- মহানগর গোধূলীর চালক মো. জহুরুল হক (৫৭)। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামে।
তিনি মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানিয়েছেন এসপি আক্কাস উদ্দিন ভূঁইয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় জহুরুলকে তাকে দাফন করা হবে।
নরসিংদী সদর হাসপাতালে জহুরুল হকের ছোট ভাই তাজুল ইসলাম জানান, জহুরুল তিন ছেলের জনক। তার পরিবারের সদস্যরা আখাউড়া রেলওয়ে স্টাফ কোয়ার্টারে থাকেন।
রাত ৯টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মেজর এ এম এম মতিউর রহমান বলেন, আরেকটি লাশ উদ্ধারের কাজ চলছে। লাশটি চট্টলা এক্সপ্রেসের একটি বগিতে আটকা পড়ে আছে।
তিনি জানান, আহত এক থেকে দেড়শ' যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেছে।
ঢাকার পঙ্গু হাসপাতালের পরিচালক খন্দকার আব্দুল আউয়াল জানান, রেলওয়ের নিরাপত্তাকর্মী শফি আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, সংঘর্ষের ফলে মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিনের ওপর চট্টলার ইঞ্জিন ও একটি বগি উঠে গেছে। দুমড়েমুচড়ে গেছে ট্রেন দুটি ৫/৬টি বগি।
চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কম্পার্টমেন্টে আটক পড়া আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয় রাত ১২টা ১০ মিনিটের দিকে। এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে বলে প্রতিবেদক জানান।
নরসিংদী সদর হাসপাতালে রায়পুরার বাসিন্দা আহত মজিুবর রহমান (৪০) জানান, তিনি মহানগর গোধূলীর ইঞ্জিনের পরের বগিতে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শোনেন তিনি। এরপর যাত্রীদের আর্তচিৎকার শুনতে পান। তারপর কি হয়েছে তিনি বলতে পারেন না। হাসপাতালে আনার পর তার চেতনা ফিরেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মেজর মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য রেলপথটি দিয়ে রাত পৌনে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করেছে।
উদ্ধার কাজে নিযুক্ত ৪৭ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আহমেদ আলী বলেন, ইতোমধ্যে আহত ২৬ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ জানান, আহতদের মধ্যে ২৩ জনকে ঢাকার পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পঙ্গু হাসপাতাল ভর্তি আহতদের মধ্যে আছেন- জিকে ঘোষ (৫০), নাজমুল হক (২২), মো. শরীফ (২২), জামাল (৫০), মোস্তফা (৫০), জাকারিয়া (৫০), সাফায়েত উল্লাহ শুভ (১৯) ও রাশিদুল আহসান মিন্টু (৪৫)
এর আগে নরসিংদী সদর হাপাতালের জরুরি বিভাগের কর্মচারী কামাল জানান, হাসপাতালে এ পর্যন্ত আহত ১৭ জনকে আনা হয়েছে। এর মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিনিধি জানান, দুর্ঘটনায় আহত চট্টলা এক্সপ্রেসের চালক রফিক উদ্দিনসহ (৫০) ও গোধূলীর সহকারী চালক আরিফুর রহমান রাসেলসহ (৩৫) ছয়জনকে সেখানে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে রাসেলকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত বাকিরা হলেন- যাত্রী মাহবুব (২২), মাঈনুদ্দিন (৩০), হুমায়ুন (২৪) ও রেলওয়েল নিরাপত্তাকর্মী মো. জসিম (২৫)।
রফিক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলপথটির সংকেত পেয়েই তিনি ট্রেন চালিয়ে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি জানান, ঘটনাস্থলে আরো কয়েকটি লাশ দেখা গেছে। হতাহতের সংখ্যা অনেক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আমারা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।"
তিনি জানান, চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলো। অন্যদিকে মহানগর গোধূলী ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলো।
নরসিংদী রেলওয়ের কর্মকর্তাদের পাওয়া যাচ্ছে না। বিক্ষুব্ধ জনতা স্টেশন ঘেরাও করে রেখেছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
নরসিংদীর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মনিরুজ্জামান জানান, উদ্ধার কাজ পুরোদমে শুরু হলে আরো কিছু লাশ পাওয়া যেতে পারে।
নরসিংদী রেলস্টেশনের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস নরসিংদী স্টেশনে না দাঁড়িয়ে সরাসরি প্রধান রেলপথ হয়ে ঢাকা চলে যাওয়ার কথা ছিলো।
অন্যদিকে মহানগর গোধূলী এই ট্রেনটিকে পাশ দেওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়ে ছিলো। কিন্তু সংকেত ভুল করায় একই লাইনে চট্টলা ট্রেনটি চলে আসে। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
রেলের উপসহকারী পরিচালক দিলীপ কুমার বোসের নেতৃত্বে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে গেছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, উদ্ধারকারী একটি ট্রেন সন্ধ্যা সাড়ে ৫টায় নরসিংদীর উদ্দেশে ছেড়ে গেছে। রাত সাড়ে ১১টার মধ্যে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশা করা হচ্ছে।
ঘটনার খবর পাওয়ার পরই যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান।
তদন্ত কমিটি
নরসিংদীতে ট্রেন দুর্ঘটনা ও হতাহতের ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার রাতে যোগাযোগ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।
সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে নরসিংদী রেলস্টেশনে আন্তনগর চট্টলা এক্সপ্রেস ও মহানগর গোধূলী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলীর মৃধার নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি হয়েছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এই কমিটিতে আরো আছেন- চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট, চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার এবং চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
রেলওয়ের বিভাগীয় পর্যায়ে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি হয়েছে। বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এই কমিটির প্রধান।
এই কমিটিকে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিভাগীয় কমিটিতে আরো আছেন- ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডিভিশনাল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট ও ডিভিশনাল চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদল নেতার শোক
দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।
বুধবার রাতে দেওয়া পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য সামরিক-বেসামরিক কর্তপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
খালেদা জিয়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/এলএইচ/এমএইচসি/এমকে/এসএইচএ/এমএসবি/০০৩০ ঘ.
bdnews24