সিলেট, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সীমান্তের বিরোধপূর্ণ ভূমি জরিপের কাজ শুরু করেছে বাংলাদেশ ও ভারত।
এ জরিপের আওতায় কানাইঘাটের লোভাছড়া থেকে জৈন্তাপুরের লালাখাল, ডিবির হাওর ও গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তসহ অন্তত ১৩টি স্থানে জরিপ হওয়ার কথা রয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের ১২৬৭ মেইন পিলার এবং কানাইঘাটের লোভাছড়া সীমান্তের ১৩১৮/১ সাব পিলার থেকে এক যোগে জরিপ শুরু হয়।
ভূমি রেকর্ড অধিদপ্তরের (জরিপ)'র কানুনগো মো. আজহারুল ইসলাম মিয়া সাংবাদিকদের জানান, জরিপ কাজ শেষ হওয়ার পর সরকারের কাছে সীমান্তের ভূমি সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে।
তবে জরিপ কাজ শেষ করতে কতদিন লাগবে সেটা তিনি জানাননি।
আজহারুল ইসলাম জানান, জরিপ কাজ শুরুর সময় বাংলাদেশের ভূমি রেকর্ড অধিদপ্তর (জরিপ) ও ভারতের মেঘালয়ের ভূমি জরিপ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
গোয়াইনঘাটের জরিপ কাজে বাংলাদেশের ১৪ সদস্যের একটি দল ও ভারতের ১১ সদস্যের প্রতিনিধি একটি দল অংশ নেন।
কানাইঘাটে বাংলাদেশের সাত সদস্য ও ভারতের নয় সদস্যের প্রতিনিধি দল যৌথভাবে জরিপকাজ চালাচ্ছে।
ভূমি রেকর্ড কর্মকর্তা জানান, সোনারহাটে জরিপকাজ শুরুকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবুল হোসেন, ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খায়রুল কাদির, উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন।
গত ১ ডিসেম্বর সিলেটের তামাবিল সীমান্তে বাংলাদেশ-ভারতের ভূমি রেকর্ড প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ জরিপ কাজ শুরু হয়েছে।
গত ৪ ফেব্র"য়ারি থেকে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ডিবির হাওর, শ্রীপুর, তামাবিল, প্রতাপপুর, সোনারহাট, বিছনাকান্দি ও লালাখাল সীমান্ত এলাকায় ভূমির দখল নিয়ে ভারতীয়দের সঙ্গে বাংলাদেশিদের বিরোধ চলে আসছে।
দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনাও ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২১০ ঘ.
bdnews24